সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঢাকা-ঈশ্বরদী রেলপথের জামতৈল রেলওয়ে স্টেশনে লালমনি এক্সপ্রেসের চালক দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করায় অল্পের জন্য লালমনি এক্সপ্রেস ও রাজশাহী এক্সপ্রেস মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। এসময় দুটি ট্রেনে যাত্রী ছিল প্রায় দুই হাজার।
বুধবার রাত পৌনে ৯টার দিকে জামতৈল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত পৌনে ৯টার দিকে লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া স্টেশন ছেড়ে এসে জামতৈল স্টেশনের ২নং লাইন দিয়ে অতিক্রম করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে একই লাইনে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী রাজশাহী এক্সপ্রেস ট্রেনটিকে টেকআপ অতিক্রম করতে দেখেন। পরে তিনি দক্ষতার সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন। ফলে মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পায় দুটি ট্রেন।
এ বিষয়ে জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সোহেল খান বলেন, ‘লালমনি এক্সপ্রেস ট্রেন উল্লাপাড়া রেলওয়ে স্টেশন ছাড়ার পর যথারীতি বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে যাওয়ার জন্য যে সব সিগন্যাল দেয়া দরকার জামতৈল স্টেশন থেকে সে সব সব সিগন্যাল ক্লিয়ার দেয়া হয়। কিন্তু সিরাজগঞ্জ থেকে ছেড়ে এসে রায়পুর স্টেশনে দাঁড়িয়ে থাকা রাজশাহী এক্সপ্রেস ট্রেনের লাইন ক্লিয়ার না দিয়ে ওই স্টেশন মাস্টার ইচ্ছেমতো ট্রেনটি ছেড়েছেন।’





