একেই বুঝি দারুণ রোমাঞ্চকর খবরে ঠাণ্ডা জল ঢেলে দেওয়া বলে! শোনা গেলো, ভারতের মিডিয়ায় খবর হলো। হ্যাঁ, ডিসেম্বরে ছুটিতেই কাজটা সেরে ফেলবেন তাআদের সেলিব্রেটি লাভবার্ডস বিরাট কোহলি এবং আনুশকা শর্মা।
প্রেমিক-প্রেমিকা থেকে হবেন স্বামী-স্ত্রী। সংসার হবে শুরু। কিন্তু পুরো বিষয়টা ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন বলিউড সুপারস্টার আনুশকা।
আসলে ভারত অধিনায়ক কোহলি সম্প্রতি ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চেয়েছেন। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে। বিস্তারিত কিছু বলেননি। তা নিয়েই জল ঘোলা। কেন হঠাৎ এমন ছুটির দরকার পড়লো কোহলির? দারুণ ফর্মে দলকে তো জয়রথে উড়িয়েই নিয়ে যাচ্ছেন। তাহলে? ইন্ডিয়ান এক্সপ্রেস পর্যন্ত মনে করিয়ে দিলো ২০১৮ এর আগেই কোহলি-আনুশকার বিয়ে করে ফেলার প্রতিশ্রুতির কথা। কিন্তু আনুশকার মুখপাত্র এবার সেই জল ঢালার কাজটাই করলেন। নায়িকার পক্ষ থেকে জানিয়ে দিলেন, ‘যা ঘুরে বেড়াচ্ছে তা আসলে শুধু গুজবই। এর মধ্যে সত্যের ছিটেফোটা নেই।’ এনডিটিভিকে এই তথ্য দিয়েছেন আনুশকার মুখপাত্র। কোহলি-আনুশকার প্রেমের বয়স নেহাত কম হয়নি। সম্প্রতি একটি বিজ্ঞাপন তারা করেছেন। বহুকাল পর একসাথে বিজ্ঞাপন। সেখানে দেখা যাচ্ছে, আনুশকাকে বিয়ের পর সবরকম ভাবে ভালো রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন কোহলি। শেষে আনুশকা হেসেই বিয়ে করতে রাজি হয়ে যান। তা কমার্শিয়ালে তেমনটা হলেও বাস্তবে তো এখন পুরো বিষয়টা ‘গুজব’, অন্তত আনুশকার পক্ষ থেকে। রিয়াল লাইফে তাই প্রেমটাই চলুক!





