স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজে ধবল ধোলাইয়ের লজ্জা মাথায় নিয়েই টি টোয়েন্টি সিরিজের লড়াইয়ে রাতে মাঠে নামছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টায় ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভালে শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা টিভি ও বাংলাদেশ টেলিভিশন।
আর এই ম্যাচ দিয়েই হয়তো পরাজয়ের বৃত্ত থেকে বের হয়ে আসতে চাইবে টাইগাররা। সেই লক্ষ্যে কতটা সফল হয় তারা সেটি অবশ্য সময়ই বলে দিবে। তবে এই ম্যাচে তুলনামূলক দলই পাচ্ছে টাইগাররা। টি-টোয়েন্টি দুই স্পেশালিস্টকেই পাচ্ছে না বাংলাদেশ। প্রধান বোলিং শক্তি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও টাইগার ওপেনার তামিম ইকবালের অনুপস্থিততে সাকিব-সাব্বিররা কতো শক্তি দেখাতে পারে এখন সেটাই দেখার পালা।
টি-টোয়েন্টি থেকে টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার অবসরের পর আজকের স্কোয়াড অনেকটা নতুনই পাচ্ছে বাংলাদেশ। তিন পেসার নিয়ে খেললে মোহাম্মদ সাইফুদ্দিনের একাদশে থাকা প্রায় নিশ্চিত। সঙ্গে থাকছেন শফিউল ইসলাম ও রুবেল হোসেন। ইমরুল-সৌম্য ওপেনিংয়ে থাকলেও একাদশে থাকছেন লিটন দাসও। নাসির অথবা মিরাজের কেউ একজন থাকছেন এই স্কোয়াডে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন/মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, শফিউল ইসলাম, রুবেল হোসেন।
দলের এমন পারফরম্যান্সে হতাশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘ওদের (দক্ষিণ আফ্রিকা) সঙ্গে তুলনা করলে সব জায়গায় আমরা পিছিয়ে ছিলাম। কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারিনি। খুব বাজেভাবে ম্যাচগুলো হেরেছি। এটা আমাদের খুবই শিক্ষণীয় হল। যদিও চ্যাম্পিয়নস ট্রফি থেকে এটা হয়ে আসছে। এ বিষয়গুলো ঠিক না করলে সামনের সিরিজ-টুর্নামেন্টে ভালো করা কঠিন হয়ে যাবে।’
বাংলাদেশ ক্রিকেটের এই সফল অধিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হয়, এই যে সময়টা গেল, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই বিপদসংকেত। এ থেকে খেলোয়াড়দের শিক্ষা নিতে হবে।’
এর আগে বুমফন্টেইনে চার উইকেটে ৫৭৩ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা| জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৪৭ রানে। এ কারণে ফের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতে হয় বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র ১৭২ রান করতে সক্ষম হয়। ফলে বাংলাদেশকে এক ইনিংস ও ২৫৪ রানে হারিয়ে সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।





