মা সমাবেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকই আমাদের শিক্ষার লক্ষ্য অর্জনের প্রধান শক্তি, নিয়ামক শক্তি। শিক্ষকদের সততা, নিষ্ঠা ও নিবেদিতপ্রাণ হয়ে আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের অভিভাবকের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ।
বুধবার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে মা সমাবেশে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বিশেষ করে মায়েদের তাদের সন্তান তথা আমাদের শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন, লেখাপড়ায় মনোযোগী হওয়া এবং একজন ভাল মানুষ- তথা সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ, মানুষের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশপ্রেমে উজ্জীবিত করে গড়ে তোলার জন্য বিশেষ দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা কোনোভাবে যেন নেতিবাচক ও সমাজবিরোধী কোনো কাজে জড়িয়ে না পড়ে, সেদিকে মায়েদের বিশেষ দৃষ্টি রাখতে হবে। শিক্ষার্থীদের আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলার বিষয়ে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীর মায়েদের ভূমিকা কম গুরুত্বপূর্ণ নয়। অনেক ক্ষেত্রে বেশি। তাই আমাদের মায়েদের আরো সচেতন হতে হবে এবং তাদেরকে বিশেষ দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানাচ্ছি।
শিক্ষামন্ত্রী সকল শিক্ষা-প্রতিষ্ঠানে নিয়মিত ‘মা-সমাবেশ’ করে তাদের আরো সচেতন ও উদ্যোগী করে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটিকে বিশেষ অনুরোধ জানান। একই সঙ্গে শিক্ষামন্ত্রী মায়েদের বক্তব্য ও পরামর্শ শোনা ও কাজে লাগানোর আহবান জানান।
আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাছিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর শামসুল হুদা বক্তব্য রাখেন।
এর আগে শিক্ষামন্ত্রী এ প্রতিষ্ঠানে একটি স্মার্ট ক্লাসরুম এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন।





