ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকাকে সমর্থন করছে সৌদি আরব। মঙ্গলবার লন্ডনে এক সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের এই সমর্থনের কথা জানান। খবর রয়টার্সের।
সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরান যে পরমাণু চুক্তির শর্ত মেনে চলছে, সেই সার্টিফিকেট তিনি কংগ্রেসকে দেননি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের এই পদক্ষেপকে সমর্থন করেন। তিনি বলেন, ইরান যে এই অঞ্চলকে অস্থিতিশীল করছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ধারণাও সঠিক এবং বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনকে অর্থায়ন করছে ইরান এই অভিযোগ সৌদির।
সৌদি আরব সব সময়ই মধ্যপ্রাচ্যের তীব্র প্রতিদ্বন্দ্বী শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের বিপক্ষে অবস্থান নিয়ে আসছে। আর সৌদির জন্মকাল থেকে দেশটির ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের চোখের পীড়া ইসলামী বিপ্লবোত্তর ইরান।
মধ্যপ্রাচ্যের অপর দেশ কাতারের ওপর গত ৫ জুন অবরোধ আরোপের পেছনে ইরানের সাথে দেশটির ঘনিষ্ঠ সম্পর্ক কাজ করেছে বলে সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। সেজন্যই সৌদি জোট কাতারকে যে ১৩ দফা দিয়েছিল তার মধ্যে ইরানের সাথে সম্পর্কের বিষয়টি উল্লেখ করা হয়েছে।





