নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সুবর্ণচর-সোনাপুর সড়কের পরিষ্কার রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে জানান চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন।
নিহতরা হলেন- উপজেলার চরবাটা ইউনিয়নের ভাংচুর গ্রামের আবদুল হাকিমের ছেলে আবুল কালাম (৪২) ও একই উপজেলার চরজব্বর ইউনিয়নের আবদুল মোতালেবের ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চেয়ারম্যানঘাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা সোনাপুর যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার যাত্রী আহত হন। তাদের মধ্যে কালাম ও জসিম নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান।
আহত জাহাঙ্গীরকে ঢাকার পঙ্গু হাসপাতালে এবং ইসমাইলকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।





