বরিশালে প্রবাসীর চুরি যাওয়া লাগেজ ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত সোমবার রাতে জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর থেকে চুরি যাওয়া মালামাল সহ ওই দুই প্রতারককে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে বরিশাল পুলিশ লাইন্স ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোল্লা আজাদ হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিন রঞ্জনপুর গ্রামের মৃত আলাউদ্দিন বেপারীর ছেলে জালাল বেপারী (৩০) এবং গৌরনদী উপজেলার দক্ষিন রামসিদ্ধি গ্রামের সেকান্দার আলী মৃধার ছেলে সোহাগ মৃধা (২৮)।
সংবাদ সম্মেলনে মোল্লা আজাদ হোসেন জানান, জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার লেঙ্গুটিয়া এলাকার ভোলানাথ গ্রামের ইউনুচ হাওলাদার ৬ বছর ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে ৩ মাসের ছুটিতে গত ১৯ সেপ্টেম্বর ঢাকায় আসেন। ওইদিনই ঢাকা থেকে সুরভী নামের বরিশালগামী একটি বাসে তিনি বরিশাল হয়ে মেহেন্দিগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি বাসের মধ্যে ঘুমিয়ে পড়লে তার লাগেজটি চুরি করে নেয় দুর্বৃত্তরা। লাগেজের মধ্যে ৪৭৭৫ মালয়েশিয়ান রিঙ্গিত (৯৫ হাজার ৫শ’), ২টি স্বর্নের চেইন, এক জোড়া কানের দুল, ৩টি নতুন মুঠোফোন, মালয়েশিয়ার ভিসা সহ পাসপোর্ট এবং বিমানের রিটার্ন টিকেট ছিলো।
পরে দুস্কৃতিকারীরা পাসপোর্টসহ লাগেজ ফেরত দেয়ার কথা বলে ১০ অক্টোবর এবং ১৩ অক্টোবর প্রবাসীর (ইউনুচ) পাসপোর্টে থাকা মুঠোফোনে কল দিয়ে দুই দফায় বিকাশে ৫ হাজার এবং ৩ হাজার টাকা নেয়। এরপর তৃতীয় দফায় আবারও পাসপোর্টসহ লাগেজ ফেরত দেয়ার কথা বলে আরো ৫০ হাজার টাকা দাবি করে। ইউনুস টাকা দিতে অস্বীকার করলে দুস্কৃতিকারীরা পাসপোর্টের ঠিকানা অনুযায়ী ইউনুসের বাড়ি গিয়ে তাকে হত্যার হুমকী দেয়।
এ ঘটনায় গত ২৩ অক্টোবর (সোমবার) গৌরনদী থানায় প্রতাারিত প্রবাসী ইউনুস একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল ওই রাতেই তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতারকদের অবস্থান সনাক্ত করে এবং দুইজনকে গ্রেফতার করেন। তাদের কাছ থেকে চুরি যাওয়া পাসপোর্ট, ভিসা, রিটার্ন বিমান টিকেট চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।





