মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। স্থানীয় সময় বুধবার সকাল ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নেয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
এর আগে গতকাল মিয়ানমারের রাজধানী নেপিডোতে উভয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক করেন। এতে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লে. কর্নেল চ সুয়ি এবং পুলিশ প্রধান উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান টেলিফোনে বলেছেন, বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সম্মত হয়েছে।
এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে দুই দেশের সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে খুব শীঘ্রই একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। নভেম্বরের ৩০ তারিখের মধ্যে এই যৌথ কমিটি গঠনের প্রস্তাব করেছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি মায়ানমার কর্তৃপক্ষকে বলেছেন কফি আনান কমিশনের সুপারিশের ভিত্তিতে যৌথ এই কমিটি ঠিক করবে রোহিঙ্গাদের কিভাবে ফিরিয়ে নেওয়া হবে। ‘তারা ফেরত নেওয়ার কথা বলেছে, তারা জানিয়েছে তাদের সরকার প্রধান কফি আনান কমিশন বাস্তবায়নের জন্য কয়েকটি কমিটি তৈরি করেছেন.. কিন্তু আমরা বলেছি বাংলাদেশের সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে যৌথ ওয়ার্কিং কমিটির তত্বাবধানেই কফি আনান কমিশনের বাস্তবায়ন হতে হবে।’





