চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের উপর বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে আরামডাঙ্গা-পীরপুরকুল্লা সড়কের সাগুয়ান মোড় নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে।

তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রতীকর ঘটনার আশঙ্কায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে কার্পাসডাঙ্গা বাজার থেকে নিজ গ্রাম পীরপুরকুল্লাতে ফিরছিলেন যুবলীগের সভাপতি

ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাকের অভিযোগ, রাত ৮টার দিকে সে মটর
সাইকেলযোগে আরামডাঙ্গা-পীরপুরকুল্লা সড়কের সাগুয়ান মোড় নামক স্থানে পৌঁছালে ওত পেতে থাকা অজ্ঞাত ১০/১৫ জন সন্ত্রাসী তাকে গতিরোধ করে।

এ সময় তিনি মটর সাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে দূবৃত্তরা তাকে লক্ষ করে একটি বোমা নিক্ষেপ করে। নিক্ষিপ্ত বোমাটি লক্ষ্যভুষ্ট হয়ে বিকট শব্দে বিস্ফোরিত হলেও আব্দুর রাজ্জাক প্রাণে বেচে যান। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ জানান, কারা এবং কেন আব্দুর রাজ্জাকের উপর হামলা চালিয়েছে তার অনুসন্ধান করা হচ্ছে। ঘটনার পর দূবৃত্তদের গ্রেফতারে পুলিশী অভিযান শুরু করা হয়েছে।