ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে অচিরেই চালু হতে যাচ্ছে ইসরায়েলি প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে নাইট ভিশন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সীমান্তকে সুরক্ষিত করা হবে। সেক্ষেত্রে সীমান্তের যেকোনরকম অবস্থাগত পরিবর্তন হলে অ্যালার্ম বেজে উঠবে।
সোমবার ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারির নতুন এই প্রযুক্তিসহ আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই প্রযুক্তির ফলে দুই দেশের মধ্যে যেকোনরকম অাইনত অবৈধ কর্মকাণ্ড সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অজয় কুমার জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে খুব শিগগিরি আরও কয়েকটি প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা চালু করার প্রক্রিয়া চলছে।
বিএসএফের আরেক কর্মকর্তা জানান, ভারত-বাংলাদেশ সীমান্ত যে প্রযুক্তির আওতায় আনা হচ্ছে তা মূলত ইসরায়েলে প্রচলিত। তাই এই প্রযুক্তিকে ’ইসরায়েলি মডেল’ বলা যেতে পারে।
বিএসএফ সূত্রে জানা গেছে, সীমান্তে ১৫০ মিটার পরপর নাইট ভিশন সিসিটিভি ক্যামেরায় এক ধরনের সফটওয়্যার বসানো থাকবে যার মাধ্যমে সীমান্তের ৫০০ মিটার এলাকায় লোকজনের যাতায়াত হলে কিংবা সেখানে অবস্থানগত কোনও পরিবর্তন হলে বিএসএফ ক্যাম্পের কন্ট্রোল রুমে অ্যালার্ম বেজে উঠবে।
আর এমন কিছু হলেই দ্রুত ‘কুইক রিঅ্যাকশন টিম’ সেখানে গিয়ে পরিস্থিতি মোকাবেলা করবে। এই সম্পূর্ণ ব্যবস্থাটিই হবে প্রযুক্তিনির্ভর যেখানে অসচেতনতা বা অসততার কোন স্থান থাকবে না।





