দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (এসইএ-এমই-ডব্লিউই-৪) মেরামতের কাজ পিছিয়ে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বিএসসিসিএল কর্তৃপক্ষ। এজন্য ব্যান্ডউইথের ঘাটতির কারণে ইন্টারনেটের গতি কম হতে পারে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে এই কাজের জন্য রবিবার মধ্যরাত থেকে তিন দিনের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছিলো। কিন্তু সেই সময় পিছিয়ে সোমবার মধ্যরাতের কথা বলা হয়েছে। এই সাবমেরিন মেরামতে কাজের জন্য ২৪ থেকে ২৬ অক্টোবর ইন্টারনেট ধীরগতি হবে।
প্রথম ২২ সেপ্টেম্বর থেকে মেরামত শুরু করার কথা থাকলেও পরে আরেক দফা সময় বদল করা হয়। এই কেবলের ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে অবস্থিত। ল্যান্ডিং স্টেশন থেকে ১১৫ কিলোমিটার দূরে একটি রিপিটার প্রতিস্থাপনের জন্য এ মেরামতকাজ চলবে বলে জানা গেছে।
বিএসসিসিএলের কর্মকর্তারা বলছেন, সম্প্রতি চালু হওয়া দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (এসইএ-এমই-ডব্লিউই-৫) ও ভারত থেকে আমদানি করা ব্যান্ডউইথ দিয়ে ইন্টারনেট ঘাটতি মেটানোর চেষ্টা করা হবে। বর্তমানে দেশে ইন্টারনেট ব্যান্ডউইথের দৈনিক চাহিদা ৪৫০ জিবিপিএস (গিগাবাইট প্রতি সেকেন্ড)। এর মধ্যে প্রথম সাবমেরিন ক্যাবল থেকে ২৫০ জিবিপিএস ব্যান্ডউইথ পাওয়া যায়। বাকি ২০০ জিবিপিএস ব্যান্ডউইথ ভারত থেকে আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল) কোম্পানির মাধ্যমে আমদানি করা হয়।
বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, বৈরি আবহাওয়ার কারণে মেরামত কাজ একদিন পেছানো হয়েছে। এটি সোমবার দিবাগত রাত থেকে শুরু হবে। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করার চেষ্টা করা হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ ২০০৫ সালে প্রথম সাবমেরিন কেবলের সঙ্গে সংযুক্ত হয়। ২০০৫ সালে চালুর পর প্রথমবারের মতো এ সাবমেরিন কেবল সম্পূর্ণ বন্ধ করে দিয়ে এর মেরামত করা হবে। এ বছরের সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয় দ্বিতীয় সাবমেরিন কেবল।





