গত ২৫ আগষ্ট জঙ্গি দমনের নামে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্য নিধন অভিযান শুরুর পর বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য জানিয়েছে।

গত ২৪ আগস্ট আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির বা আরসা মিয়ানমারের সেনাবাহিনী এবং পুলিশের বেশ কিছু তল্লাশি চৌকিতে হামলার জেরে এই নিধন অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী।

সংখ্যালঘু জাতির উপর এমন নৃশংসতা দেখে উদ্বেগ ও নিন্দা জানায় বিশ্বমহল। জাতিসংঘের মহাসচিব এন্তোনিয় গুতেরেস রাখাইন রাজ্যের নৃশংস হত্যাকাণ্ডকে পাঠ্যপুস্তকে উল্লেখিত গণহত্যার উদাহরণের সঙ্গে তুলনা করেন।
জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন সংস্থা আইএসসিজি জানিয়েছে, গত ২৫ আগস্টের পর থেকে এপর্যন্ত ছয় লাখ তিন হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এছাড়া আরও কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তে অপেক্ষা করছে বলেও জানায় সংস্থাটি।

পালিয়ে আসা রোহিঙ্গারা তাদের গ্রামে সহিংসতার বর্ণনা করছে। এছাড়া প্রাণ বাঁচানোর পাশাপাশি ওই অঞ্চলে প্রচণ্ড খাদ্য ঘাটতি দেখা দেয়ায় বাধ্য হয়েই ভিটে ছেড়ে রোহিঙ্গারা পালিয়ে আসছে।
অবশ্য মিয়ানমার সরকার বরাবরই রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অস্বীকার করে আসছে।