প্রতিষ্ঠিত একঝাঁক নৃত্যশিল্পীর অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘সৃষ্টি-মীনাবাজার নৃত্যনাট্য উৎসব ২০১৭’। জাতীয় শিল্পকলা একাডেমিতে আগামী ১ নভেম্বর শুরু হয়ে ৪ নভেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন।
উৎসবের উদ্বোধনী দিনে ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে দেখানো হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘তাসের দেশ’।২ নভেম্বর থাকছে রাধা -কৃষ্ণের অমর প্রেম উপাখ্যান নিয়ে শেখ হাফিজুর রহমান রচিত ‘রাইকৃষ্ণ পদাবলী’ নৃত্যনাট্য।
৩ নভেম্বর মঞ্চস্থ হবে আলীবাবা চল্লিশ চোরের কাহিনি থেকে নেওয়া ক্রীতদাস আবদুল্লাহ ও অপরূপা সুন্দরী বাঁদী মর্জিনার প্রেম কাহিনি নিয়ে রচিত ‘বাঁদী-বান্দার রূপকথা’।
সমাপনী দিন ৪ নভেম্বর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলী যাত্রা ‘সোনাই মাধব’।
সবগুলো নৃত্যনাট্যই সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। নৃত্যনাট্যগুলোতে অভিনয় করবেন দেশের নামিদামি নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পীরা। এই তালিকায় আছেন শিবলী মোহাম্মদ, শামীম আরা নিপা, আনিসুল ইসলাম হিরু, সুকল্যাণভট্টাচার্য, ডলি ইকবাল, সাবরিনা নিসা, লিয়াকত আলী লাকি, রোকসানা আক্তার রূপসা,জাহিদুল কবির লিটন, ওয়ার্দা রিহাব, সাব্বির আহমেদ খান বিজু প্রমুখ।
‘সৃষ্টি-মীনাবাজার নৃত্যনাট্য উৎসব ২০১৭’ উপলক্ষে ২৩ অক্টোবর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালক ও নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু, নৃত্যশিল্পী শামীম আরা নীপা, জেমকন ফুড অ্যান্ড এগ্রিকালচার প্রডাক্টস লিমিটেড মীনাবাজারের সিইও শাহীন খান,ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের প্রফেসর সামসদ মর্তূজা, জেমকন গ্রুপের সিএইচআরও ও মীনা সুইটসের সিইও সাঈদ আহমেদ।
নৃত্যনাট্য উৎসব সম্পর্কে ধারণা দিয়ে আনিসুল ইসলাম হিরু বলেন, ‘নাট্য উৎসবকে ঘিরে এক ধরনের উন্মাদনা তৈরি হয়। এরকম আবহ তৈরিতে সৃষ্টি কালচারাল সেন্টার সচেষ্ট রয়েছে। নিয়মিত ও আরও বড় আঙ্গিকে এমন উৎসব আয়োজনের জন্য আমরা চেষ্টা করছি।’
চারদিনব্যাপী এই নৃত্যনাট্য উৎসবের টাইটেল স্পন্সর মীনা বাজার, কো স্পন্সর কাজী অ্যান্ডকাজী টি, মীনা সুউইটস, ইউল্যাব, অর্গ্যানিকেয়ার। সহযোগী হিসেবে থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।





