আজ রাতে লন্ডনে বসতে যাচ্ছে ফিফা বর্ষসেরা ফুটবলার অ্যাওয়ার্ড রজনী। বিশ্বের লক্ষ-কোটি ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে জমজমাট সেই অনুষ্ঠান দেখার জন্য। অপেক্ষাপর্বে সকলের মনের মধ্যেই ঘুরে ফিরছে একটা প্রশ্ন, শেষ পর্যন্ত কার মাথায় উঠতে যাচ্ছে ‘বিশ্বসেরা’র মুকুট?

পুরস্কার পাওয়ার দৌড়ে টিকে আছেন ৩ জন। ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং নেইমার। তবে ফুটবলবোদ্ধাদের বিদগ্ধ অভিমত, পুরস্কারটা উঠতে যাচ্ছে রোনালদোর হাতেই!

শুধু বোদ্ধারা নন, আজ-দর্শকদের ধারণাও তেমনই। গত মৌসুমে বিস্ময়কর পারফর‌ম্যান্সই বাকি দুজনের চেয়ে এগিয়ে রাখছে রোনালদোকে। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন রোনালদো। দুরন্ত সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এরই মধ্যে জিতে নিয়েছেন ইউরোপের সেরা খেলোয়াড়ের পুরস্কার। সব মিলিয়ে তাই ফিফা বর্ষসেরা পুরস্কার পাওয়ার দৌড়েও ৩২ বছর বয়সী রোনালদোই ফেভারিট। ২০০৯ সালে ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর, এই দুটি পুরস্কার এক করে নাম দেওয়া হয়েছিল ফিফা ব্যালন ডি’অর। কিন্তু সেটা আবার আদালা হয়ে গেছে। এবার এককভাবেই পুরস্কার দিচ্ছে ফিফা। বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের অফিসিয়াল নাম রাখা হয়েছে ‘দ্য বেস্ট অ্যাওয়ার্ড।’ অফিসিয়াল নাম যাই হোক, ফুটবলপ্রেমীদের কাছে এটা ফিফা বর্ষসেরা পুরস্কারই। সত্যিই যদি আজ লন্ডনে রোনালদোর হাতেই ‘দ্য বেস্ট অ্যাওয়ার্ড’ ওঠে, তাহলে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলবেন রিয়ালের পর্তুগিজ সুপারস্টার। রেকর্ড ৫ বার ফিফা ব্যালন ডি’অর জিতেছেন মেসি। রোনালদো ৪ বার। ২০০৮, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে। এবার জিতলে তারও হয়ে যাবে ৫ পাঁচ।

বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের দৌড়ে রোনালদো ফেভারিট। বর্ষসেরা কোচের পুরস্কার পাওয়ার দৌড়েও এগিয়ে রিয়ালেরই কোচ জিনেদিন জিদান। দুটো ধারণাই যদি সত্যি হয়, লন্ডনের পুরস্কার রজনীটি থাকবে রিয়ালের জয়জয়কারের স্বাক্ষী হয়েই থাকবে!