ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) গাড়িকে উল্টোপথে চালিত করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ শীর্ষক এক অনুষ্ঠানে ওবায়দুল এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বিআরটিসি গাড়িকে উল্টোপথে চালিত করে। কথা না মানলে চালককে গন্তব্যে নিয়ে আটকে রাখা হয়।’ তিনি বলেন, ‘এই ধরনের শিক্ষার কোনো দরকার নেই। এরাই তো এদেশের দায়িত্ব নিবে। এরা দায়িত্ব নিলে দেশের কোনো কাজে আসবে না।’

এ সময় আমলাদের নিয়েও সমালোচনা করেন কাদের। বলেন, ‘কত বলেছি নিয়ম মেনে চলুন। কিন্তু তারা শোনেননি। তবুও উল্টোপথে গাড়ি চালাচ্ছেন। এখন দুদক ধরছে। ধরবেই। আমরা রাস্তাকে নিরাপদ করব। হাল ছাড়বো না। প্রতিদিন কাজ করে যাবো। আমি কারও কমিশন নিয়ে চলি না। শতভাগ সততা নিয়ে কাজ করি। তাই কাউকে ভয় পাই না।’

জনপ্রতিনিধিদের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘বিভিন্ন জনপ্রতিনিধিদের এলাকায় হেলমেট ছাড়া দ্বিগ্বিজয়ী আলেকজান্ডারের মতো গাড়ি চালাচ্ছে অনেকে। জনপ্রতিনিধিদের সংবর্ধনা দিতে শত শত মানুষ হেলমেট ছাড়া গাড়ির মহড়া করে। এতে করে যানজট হয়। সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। নিজের নিয়ম মেনে না চলায় দুর্ঘটনার সম্মুখীন হয়।’