লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে তাদের সনাক্ত করতে পেরেছে পুলিশ।
লালমনিরহাট গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পরিদর্শক (এস আই) মিজানুর রহমান মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৩টায় জেলার আদিতমারী উপজেলার গন্ধমরুয়া এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় ৩০ বোতল বিদেশী মদ ফেলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী।
পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীর মধ্যে ডিবি পুলিশ পলাতক আসামী নুর ইসলাম (৩৮) কে সনাক্ত করতে সক্ষম হয়। সে আদিতমারী উপজেলার গোবরধন এলাকার মমতাজ আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন ডিবি পুলিশ।
এ ব্যাপারে পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, জেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের সতর্কতা জোরদার করা হয়েছে। জেলাকে মাদকমুক্ত করে জিরো টলারেন্সে নিয়ে আসতে পুলিশ প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।





