ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বর্তমান যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক দুই প্রেসিডেন্ট বারাক ওবামা ও জর্জ ডব্লিউ বুশ।

অবশ্য বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম না নিয়েই তারা দুটি ভিন্ন অনুষ্ঠানে এমন ভাবনার কথা জানান। খবর: বিবিসির।

বারাক ওবামা আহ্বান জানিয়েছেন, আমেরিকানরা যেন এই ‘বিভাজন’ ও ‘ভয়ের’ রাজনীতিকে প্রত্যাখ্যান করেন।
অন্যদিকে জর্জ ডব্লিউ বুশ জনসমক্ষে ‘তর্জন-গর্জন করা ও বিদ্বেষ’ ছড়ানোর জন্য সমালোচনা করেছেন।
এ দুই পূর্বসুরির ব্যাপারে ট্রাম্পের অনেক সমালোচনা থাকলেও সর্বশেষ এই উস্কানি নিয়ে এখনও মুখ খোলেননি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট।
ঐতিহ্যগতভাবে সাবেক মার্কিন প্রেসিডেন্টরা তাদের পরবর্তী রাষ্ট্রপ্রধানদের ব্যাপারে কোনো মন্তব্য করেন না। তবে বৃহস্পতিবার ট্রাম্পের ব্যাপারে নীরবতা ভঙ্গ করলেন দুই সাবেক প্রেসিডেন্ট।
নিউ জার্সিতে ডেমোক্রেটিক দলের প্রচারণা অনুষ্ঠানে ওবামা বলেন, ‘আমেরিকানদের বিশ্ববাসীর কাছে এই বার্তা দেওয়া উচিৎ যে, আমরা বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করছি, আমরা ভয়ের রাজনীতি প্রত্যাখ্যান করছি।’
তিনি আরও বলেন, ‘শতাব্দি আগে আমরা বিভাজনের যে রাজনীতি দেখেছি, সেই পুরনো রাজনীতি আমাদের প্রয়োজন নেই।’
ওবামার এই ভাষণের মাত্র কয়েক ঘণ্টা আগে নিউইয়র্কে জর্জ বুশ বলেন, ‘গোঁড়ামিকে উৎসাহ দেওয়া হচ্ছে। ষড়যন্ত্র তত্ত্ব ও সম্পূর্ণ মিথ্যা আমাদের রাজনীতিকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছে।’