চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত বেসরকারি পরিবহন সার্ভিসের (তরীর) একটি বাসের সহযোগীর সঙ্গে ছাত্রলীগের দুই কর্মীর বাকবিতণ্ডার জেরে বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরের দিকে চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়ক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী ইমাম ও একই বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সবুজ ওই বাসে করে ক্যাম্পাসে আসছিলেন। এ সময় ওই বাসের সহযোগীর সঙ্গে তাদের দু’জনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই ১নং গেইট এলাকায় এসে পৌঁছালে তাদের দুজনকে ওই বাসের সহযোগীরা মারধর করে। পরবর্তীতে তাদেরকে মারধরের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী এক নং গেইট এলাকায় গিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এতে কিছু সময়ের জন্য ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।
ইমাম ও সবুজ বিশ্ববিদ্যালয়ের বগিভিত্তিক গ্রুপ ‘বিজয়’ ও শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি সুজনের অনুসারী এবং সোরওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী।
পরে হাটহাজারী মডেল থানার ওসি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, সামান্য ভুল বুঝাবুঝি হয়েছিল। পরিবহন মালিক ও ছাত্রদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, মারধরের ঘটনার বিষয়ে আমরা কিছু জানি না। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





