সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠি সদর, নলছিটি এবং রাজাপুর উপজেলার সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরার মহোৎসব চলছে। ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
কিন্তু নলছিটির দপদপিয়া, সুগন্ধা ও বীষখালি তিন নদীর মোহনায় জেলেরা এ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করছেন।
জেলা মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরা বন্ধে মৎস্য বিভাগের অভিযান চলছে।
এসময় নদীতে মাছ বেশি থাকায় বিভিন্ন স্থানে মৌসুমী জেলেরা গ্রামে ছুটে আসছেন ইলিশ ধরতে। কারণ নিষেধাজ্ঞার এই মৌসুমে ইলিশের চড়া দাম পাওয়া যায়। এবার ইলিশ ধরতে তারা নতুন কৌশল নিচ্ছেন।
স্বাভাবিকভাবে নদীতে তাকালে দেখা যায় কোনো মাছ ধরা নৌকা নেই। অভিযানে ধরা পরার ভয়ে ডিঙ্গি নৌকায় দ্রুত এসে জাল ফেলে ছোট খাল বা ধানক্ষেতে আশ্রয় নেন তারা। টগর বা ভাসমান সাদা ফোমের সঙ্গে জাল ফেলা হচ্ছে নদীতে। এটাই তাদের নতুন কৌশল বলে জানায় মৎস্য বিভাগ। তাই ইঞ্জিনচালিত ছোট নৌকায় গ্রাফি বাঁধা লম্বা দড়ি নদীতে ফেলে জালের সন্ধান চালায় মৎস্য বিভাগ। এভাবেই প্রতিদিন উদ্ধার হচ্ছে হাজার হাজার মিটার জাল ও প্রচুর ইলিশ। এর মাঝেও চলছে চোরাইভাবে ইলিশ ধরা ও বিক্রি।
জেলা মৎস্য বিভাগের মতে, ১ অক্টোবর থেকে গত ১০ অক্টোবর পর্যন্ত ঝালকাঠি জেলায় ৫৬টি মোবাইল কোর্ট ও ৮৯ টি অভিযানের মাধ্যমে ৩৯২কেজি মা ইলিশ, ১ লাখ ১২ হাজার ২০০ মিটার জাল উদ্ধার করা হয়েছে।
এছাড়াও ১১ জনকে আটক বিভিন্ন মেয়াদে সাজা ও ৩৯ হাজার টাকা জরিমানা করে ১৯ টি মামলা দায়ের করা হয়েছে।
জেলে সমিতির সভাপতি আবদুল বারেক হাওলাদার বলেন, ইলিশ আমাদের দেশের সম্পদ। সরকার যে আইন করেছে তা আমাদের ভালোর জন্য করেছে। ১ অক্টোবর থেকে টানা ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ তা আমরা মেনে চলছি। কিন্তু এবছর সরকারি সহায়তা না পেয়ে কষ্টে দিন কাটাচ্ছে।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ আফরোজা বেগম পারভীন বলেন, এসময় এলাকার অনেক মৌসুমী জেলেরা মাছ ধরতে আসে। জেলেদের ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক জানান, অভাবের তাড়নায় কিছু জেলে নদীতে নামছে। গত বছর তাদের ভিজিএফ’র চাল দেয়া হলেও এবছর এখন পর্যন্ত দেয়া সম্ভব হয়নি।





