সৌদি আরবের দাম্মামে গত তিন দিনে ১৩৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। বৈধ কাগজপত্র থাকলেও অনুমতিহীন কাজ করার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানান বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা ফায়সাল আহমেদ।

সৌদি আরবে নিয়োগদাতা ছাড়া ভিন্ন মালিকের কাজ করতে হলে নিয়োগদাতার লিখিত অনুমতি নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। আটককৃতরা অনুমতিপত্র ছাড়াই বিভিন্ন কোম্পানিতে সাপ্লাইয়ের কাজ করতেন।

সৌদি প্রবাসীরা নিয়োগদাতার সঙ্গে মৌখিক চুক্তির ভিত্তিতে অনেকেই পেশার বাইরে কাজ করে থাকেন। যাকে ফ্রি ভিসা বলে থাকেন প্রবাসী শ্রমিকরা। তবে তা সৌদি শ্রম আইনে দণ্ডনীয় অপরাধ। এতে শ্রমিক ও নিয়োগকর্তার ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

ফায়সাল আহমেদ জানান, তৃতীয় মেয়াদে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ না হলেও আটককৃতরা সাধারণ ক্ষমার আওতায় পড়ছে না। তাদের নিয়োগকর্তা যোগাযোগ না করায় তাদেরকে ডিপোর্টেশন জেলে পাঠানো হয়েছে। সপ্তাহখানের মধ্যেই তাদের দেশে পাঠিয়ে দেয়া হতে পারে বলে জানান এই কর্মকর্তা।