প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের বিপক্ষে একেবারেই সুবিধা করতে পারেনি টিম টাইগাররা। ব্যাটিং সহায়ক উইকেটেও বড় স্কোর করতে পারেননি অধিকাংশ ব্যাটসম্যানই। কিন্তু মুশফিকুর রহীমের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। এখন জ্বলে ওঠার অপেক্ষায় সাকিব-মাহমুদুল্লাহরাও।

দক্ষিণ আফ্রিকা সফরের শুরু থেকেই চোট ঘিরে রেখেছে তামিমকে। প্রথম ওয়ানডেতে তিনি খেলতে চেয়েছিলেন। কিন্তু বাড়তি সতর্কতার কারণে বাঁহাতি এই ওপেনারকে নিয়ে ঝুঁকি নিতে চাননি বাংলাদেশ দলের শ্রীলংকান ফিজিও থিলান চন্দ্রমোহন। তবে ইনজুরি কাটিয়ে দ্বিতীয় ওয়ানডেতে খেলবেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। খেলা শুরুর আগেই টাইগার ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, কে থাকছেন দ্বিতীয় ওয়ানডে একাদশে?

দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও সাইফ উদ্দিন।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।