প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার স্ত্রী সুষমা সিনহা মঙ্গলবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া যাচ্ছেন। সুপ্রিম কোর্টের একটি নির্ভরযোগ্য সূত্র পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে প্রধান বিচারপতির স্ত্রীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।
এর আগে গত শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। ওই দিন সুষমা সিনহারও অস্ট্রেলিয়া যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি যাননি।
প্রসঙ্গত, গত ১ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটির কথা জানিয়ে চিঠি দেন। পরে তার ছুটি আরও নয় দিন বাড়িয়ে ১০ নভেম্বর করা হয়েছে।
এরপর ৫ অক্টোবর অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারে গিয়ে সস্ত্রীক ভিসার আবেদন করেন প্রধান বিচারপতি এসকে সিনহা।
প্রধান বিচারপতির বড় মেয়ে সূচনা সিনহা দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সেখানেই প্রধান বিচারপতি সস্ত্রীক অবস্থান করবেন। তার আরেক মেয়ে কানাডায় বসবাস করেন।





