মার্কিন সরকার সেদেশের বিরুদ্ধে বিদ্বেষী নীতি পরিত্যাগ না করা পর্যন্ত পরমাণু অস্ত্র ধ্বংস করার লক্ষ্যে আলোচনায় বসবে না পিয়ংইয়ং। জাতিসংঘকে এমনটাই বলছে উত্তর কোরিয়া।
সোমবার জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক এক বৈঠকে এমনটাই জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রদূত কিম ইন-রিয়ং।
তিনি বলেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি বিস্ফোরণের পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।
তিনি আরো বলেন, “আমেরিকার বিদ্বেষী নীতি ও পরমাণু হামলার হুমকি পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত আমরা কোনো অবস্থায় আমাদের পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনার টেবিলে বসব না।”
উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রদূত বলেন, একটি পরিপূর্ণ পরমাণু শক্তিধর দেশে পরিণত হওয়ার চূড়ান্ত দরজা অতিক্রম করেছে তার দেশ। এর অর্থ হচ্ছে উত্তর কোরিয়া এখন যেকোনো সময় পরমাণু বোমার হামলা চালাতে পারে।





