তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১০ উইকেটে হেরে ইতিমধ্যে ব্যাকফুটে চলে গিয়েছে মাশরাফী বিন মর্তোজার বাংলাদেশ দল। তাই বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে দিয়েই ঘুরে দাঁড়াতে চায় তারা।

যেকোন মূল্যে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত এখন টাইগাররা। বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় পার্লে শুরু হবে ম্যাচটি। প্রথম ওয়ানডেতে সাত ব্যাটসম্যান এবং চার বোলার নিয়ে একাদশ সাজিয়েছিলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আর প্রথম ওয়ানডের মত দ্বিতীয়টিতেও একই কম্বিনেশন নিয়ে মাঠে নামার ইঙ্গিত মিলেছে গণমাধ্যমের কাছ থেকে। প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ইনজুরিতে পড়ার পর দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি ওপেনার তামিম ইকবাল।ওয়ানডে সিরিজের পূর্বে একমাত্র প্রস্তুতি ম্যাচেও সাইড বেঞ্চে বসে কাটিয়েছেন তিনি। এমনকি সিরিজের প্রথম ওয়ানডেতেও দলে ছিলেননা এই ওপেনার।

তবে ধারণা করা হচ্ছে ইনজুরি কাটিয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিরবেন এই ওপেনার। তামিম একাদশে ফিরলে কপাল পুড়বে আরেক ওপেনার ইমরুল কায়েসের।এরপর দলের তিন নম্বর পজিশনে থাকবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও তার নিয়মিত পজিশন পাঁচ নম্বর। কিন্তু সিরিজের প্রথম ওয়ানডেতে তিন নম্বরে নেমেছিলেন তিনি। যেকারণে দ্বিতীয় ওয়ানডেতেও তাকে এই পজিশনে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

এরপর যথাক্রমে ব্যাটিং অর্ডারে থাকবেন নির্ভরশীল ব্যাটসম্যান এবং উইকেট রক্ষক মুশফিকুর রহিম, মিস্টার ফিনিশার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ, হার্ড হিটার সাব্বির রহমান এবং সাত নম্বরে থাকবেন নাসির হোসেন।গত ম্যাচে অভিষিক্ত অলরাউন্ডার সাইফউদ্দিনও থাকছেন দ্বিতীয় ওয়ানডেতে। একাদশে আরেকটি পরিবর্তন আসলে সেটা হতে পারে তাসকিন আহমেদের পরিবর্তে ঢুকতে পারেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।আর মাশরাফীর সঙ্গে বোলিংয়ে দায়িত্ব পালন করতে দেখা যাবে পেসার রুবেল হোসেনকে। আগের ম্যাচে চার পেসার নিয়ে মাঠে নামলেও দ্বিতীয় ওয়ানডেতে তিন পেসার এবং এক স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :১. তামিম ইকবাল২. লিটন দাস৩. সাকিব আল হাসান৪. মুশফিকুর রহিম৫. মাহমুদউল্লাহ রিয়াদ৬. নাসির হোসেন৭. সাব্বির রহমান৮. মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক)৯. মোহাম্মদ সাইফুদ্দিন১০. রুবেল হোসেন ও১১. তাসকিন আহমেদ/ মেহেদি হাসান মিরাজ