ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় প্রথম ওয়ানডেতে খেলেনি তামিম ইকবাল। দক্ষিণ আফ্রিকার কঠিন এক সফরে একসঙ্গে পাওয়া যাচ্ছে না সেরা তারকাদের। যার প্রভাব দেখা যাচ্ছে মাঠে।

টেস্ট সিরিজে বিশ্রামে ছিলেন সাকিব। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে দেখা যায় নি তামিম ইকবাল আবার অনুশীলনে পা মচকে যাওয়ায় প্রথম ওয়ানডে খেলেনি টাইগারদের বোলিং আক্রমণের মূল অস্ত্র মোস্তাফিজুর রহমান। তামিম হয়তো দ্বিতীয় ওয়ানডেতে ফিরবেন তবে পা মচকে যাওয়ায় মোস্তাফিজুর রহমানকে আর দেখা যাবে না দক্ষিণ আফ্রিকা সিরিজে।

কিম্বারলিতে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০ উইকেটের লজ্জার হারের সঙ্গে এই দুঃসংবাদটি জানিয়েছেন টাইগার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন ওয়ানডে সিরিজ পুরোটাই মিস করবেন মোস্তাফিজুর রহমান। এমনকি এরপর টি-টোয়েন্টি সিরিজটিতেও মাঠের বাইরে থাকতে পারেন টাইগারদের বোলিং আক্রমণের মূল এই অস্ত্র।

মোস্তাফিজুর রহমানের ছিটকে পড়া সম্পর্কে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, মোস্তাফিজ খেলতে পারবে না। এখন পর্যন্ত যতটুকু দেখছি, ওয়ানডে সিরিজের পুরোটাই সম্ভবত খেলা হবে না তার।

দুঃসংবাদ যোগ হলো আরও। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল পারফমার মুশফিকুর রহীমও পড়েছেন চোটে। এখন পর্যন্ত ছিটকে না পড়লেও ১৮ অক্টোবর পার্লের বোল্যান্ড পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

মুশফিকুর রহীমের শারীরিক অবস্থা নিয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, তার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। আমরা এখনই কিছু বলতে পারব না। আরও বেশি কিছু জানতে আমাদের কেপটাউন যেতে হবে।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেকে সামনে রেখে আজ (১৬ আক্টোবর) কেপটাউনে পৌঁছার কথা বাংলাদেশ দলের। সেখানে মোস্তাফিজের স্ক্যান করানো হবে। দেখা হবে মুশফিকেরও অবস্থা।