সুপ্রিম কোর্ট প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার একান্ত সচিব (পিএস) মো. আনিসুর রহমানসহ ১০ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি করেছে আইন মন্ত্রণালয়।

রোববার দুপুরে আইন মন্ত্রলালয় থেকে বদলির এই সুপারিশ এলে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওহহাব মিঞা তা অনুমোদন দেন।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম জানান, সুপ্রিম কোর্টের পরামর্শ অনুসারে আইন মন্ত্রণালয় তাদের অন্যত্র বদলিসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। বদলিসংক্রান্ত প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। একই সঙ্গে প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আনিসুর রহমানকে করা হয়েছে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. আবু সৈয়দ দিলজার হোসেনকে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিশেষ জজ এবং হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. যাবিদ হোসেনকে রংপুরের নারী ও শিশু নির‌্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. সাব্বির ফয়েজকে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।

আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তীকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং হাইকোর্টের স্পেশাল অফিসার এ ই এম ইসমাইল হোসেনকে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) আজিজুল হককে ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা জজ ও দায়রা জজ, ফারজানা ইয়াসমিনকে পিরোজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ কামাল হোসেন শিকদারকে চুয়াডাঙ্গার যুগ্ম জেলা ও দায়রা জজ করা হয়েছে।