গাজীপুর মহানগরীর জয়দেবপুর মুরগি বাজারে ওজনে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে। প্রশাসনের তদারকির অভাবে অনিয়মের আশ্রয় নিয়ে দীর্ঘদিন ধরে ক্রেতাদের ঠকাচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী।
সরেজমিনে জানা গেছে, জয়দেবপুর মুরগি বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী আকমল হোসেন সরকার। তার দোকানের নাম সরকার পোলট্রি কমপ্লেক্স। পরিসর বড় থাকায় কর্মচারী ১৪-১৫ জন। দোকানটিতে পাইকারি বেচাকেনা বেশি। দৈনিক অন্তত দেড় হাজার থেকে দুই হাজার কেজি মুরগি বিক্রি হয়। আর কৌশলে চলে কারচুপি।
শিমুলতলী এলাকার পলাশ মল্লিক জানান, তিনি তার ভাতিজির বিয়ের অনুষ্ঠানের জন্য গত ৮ অক্টোবর রাতে ১২০ কেজি ব্রয়লার ও কক মুরগির অর্ডার দেন। পরদিন সকালে আসেন মুরগি নিতে। ইতোপূর্বে তার কাছে তথ্য ছিল জয়দেবপুরে কোন কোন দোকানে মুরগি মাপার যন্ত্রে কারচুপি করে ওজনে কম দেয়া হয়। আর তাই তিনি সঠিক ওজনে মুরগি ক্রয়ের জন্য বাজার থেকে ২ কেজি আলু কিনে নেন মাপার যন্ত্র পরীক্ষার জন্য। সেই ২কেজি আলু মাপ যন্ত্রে তোলার সাথে সাথে ২কেজি ৪০০ গ্রাম দেখা যায়। তিনি কারণ জানতে চাইলে দোকানের কর্মচারী জানান মেশিনে সমস্যা হয়েছে। অথচ ইতো পূর্বে যারা মুরগি ক্রয় করেছেন তারা কিন্তু এ যন্ত্রেই ক্রয় করেছেন।
পলাশ মল্লিক কর্মচারীদের জানান, তিনি প্রতিবার মাপার পরে আলু দিয়ে যন্ত্র পরীক্ষা করে নিবেন মাপ সঠিক আছে কিনা তা জানার জন্য। এ কথা শুনে দোকানের ম্যানেজার তাকে মুরগি দিতে অস্বীকৃতি জানান।
এক পর্যায়ে তার কাছে মুরগি বিক্রি করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়। পরে ঘটনাটি মোবাইলে বাজার কমকর্তাসহ কয়েকজনকে জানালে সুর নরম করেন সরকার পোলট্রি কমপ্লেক্সের ম্যানেজার খোকন।
পলাশ মল্লিক আরও জানান, প্রতি কেজিতে ২০০ গ্রাম করে কম মুরগি দেওয়া হচ্ছিল। পরে সঠিক ওজনে মুরগি ওজন দেয়ার কারণে ২৪ কেজি মুরগি বেশি পেয়েছেন তিনি।
জানতে চাইলে ম্যানেজার খোকন বলেন, বাটনে সমস্যা হতে পারে। আমাদের দোকানের মালিক মুরগি বাজারের প্রথম ব্যবসায়ী। তথ্যমতে দৈনিক ১৫০০ থেকে ২০০০ কেজি মুরগি বিক্রয় করা হয় সরকার পোলট্রি কমপ্লেক্স থেকে আর এ হারে চুরি করা হলে দৈনিক ৫০ থেকে ৫৫ হাজার টাকা অধিক মুনাফা করেন মাপে কারচুপির মাধ্যমে।
এ বিষয়ে বাজার কমকর্তা আবদুস ছালাম বলেন, ঘটনার সময় পলাশ মল্লিক আমাকে ঘটনাটি জানিয়েছেন। অভিযোগ তো মৌখিক। এডিএমের সাথে কথা বলতে হবে।
শনিবার বিকেলে বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. রাহেনুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।





