সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় মুশফিকুর রহিম, তবে সেই আলোচনার বেশিরভাগ জুড়েই বিতর্ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে বাংলাদেশের অধিনায়ক বেফাঁস মন্তব্য করে কুড়িয়েছেন সমালোচনা।
এরই জের ধরে সম্প্রতি ক্রিকেটারদের সমালোচনা করতে রীতিমতো বাধ্য হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
মুশফিকের সাম্প্রতিক কথাবার্তায় বেশ চটেছে বোর্ড। এতে ক্রিকেটের ক্ষয়ক্ষতি হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে আকরাম বলেন, ‘তিন-চার বছরে আপনি এক-দুইটা ম্যাচ খারাপ করতেই পারেন। বাকি নয়টা টেস্ট খেলুড়ে দেশেরও কিন্তু ছোটখাটো সমস্যা আছে। যারা এই সমস্যার সমাধান করতে পারবে, আপনাদের উচিত তাদের কাছেই যাওয়া।’
জনপ্রিয় এই ক্রিকেট ব্যক্তিত্ব আরও বলেন। ‘টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের দায়িত্বে যারা আছেন, তাদের বললে অন্তত সমস্যার সমাধান হবে। কিন্তু মিডিয়ায় বললে সমাধানের চাইতে আপনার সমস্যা আরও বাড়বে।‘
এ সময় খেলোয়াড়দের মিডিয়ার সামনে কথা বলা শিখার তাগিদও জানান তিনি- ‘আমাদের অনেক কিছুরই উন্নতি হয়েছে। তবে কীভাবে মিডিয়াতে কথা বলতে হয়, সেটাও ভালোভাবে জানতে হবে।’





