আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেওয়া দুটি চিঠির বিষয়ে আওয়ামী লীগের যৌথ সভায় পর্যালোচনা হবে। সেখানে আইনমন্ত্রী আনিসুল হককে ডাকা হয়েছে। এরপর দলের বক্তব্য দেওয়া হবে।
শনিবার দুপুরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এ দুটি লিখিত বিষয় নিয়ে আমাদের দলের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথসভা হবে আজ সন্ধ্যায়, সেখানে আলাপ আলোচনা করে আমাদের দলের বক্তব্য দেব।’
ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (প্রধান বিচারপতি) ছুটি চেয়েছেন ওটাও লিখিত বিষয়। আর সাংবাদিকদের কাছে বিদেশে যাওয়ার প্রাক্কালে যেটি দিয়েছেন এটাও লিখিত বিষয়। এ দুটি লিখিত বিষয় নিয়ে আমাদের দলের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথসভা হবে আজ সন্ধ্যায়, সেখানে আলাপ আলোচনা করে আমাদের দলের বক্তব্য দেবো।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনি (প্রধান বিচারপতি) তো অসুস্থ বলে ছুটি চেয়েছেন রাষ্ট্রপতির কাছে। দুটো চিঠি নিয়েই আমাদের আলাপ-আলোচনা করতে হবে।’
এর আগে শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান বিচারপতি বলেন, আমি অসুস্থ না। আমি পালিয়েও যাচ্ছি না। আমি আবার ফিরে আসব। আমি একটু বিব্রত। আমি বিচার বিভাগের অভিভাবক। বিচার বিভাগের স্বার্থে, বিচার বিভাগটা যাতে কলুষিত না হয়, এ কারণেই আমি সাময়িকভাবে যাচ্ছি। আমার কারও প্রতি কোনো বিরাগ নেই। আমার দৃঢ়বিশ্বাস, সরকারকে ভুল বোঝানো হয়েছে। এই আমার বক্তব্য। আর কিছু বলব না।





