বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার দিনে তিন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি প্রমাণ করে দেশে বিচার বিভাগের স্বাধীনতা সত্যিকার অর্থেই ভূলুন্ঠিত। নইলে একজন সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এভাবে একের পর এক পরোয়ানা জারি হতে পারেনা।

শ‌নিবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে খুলনায় অনু‌ষ্ঠিত বি‌ক্ষোভ সমা‌বে‌শে সভাপ‌তির বক্তৃতায় তিনি এসব কথা ব‌লেন। মহানগরীর কে‌ ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যাল‌য়ের সাম‌নে খুলনা মহানগর বিএন‌পি কেন্দ্র ঘো‌ষিত কর্মসূ‌চির অংশ হি‌সে‌বে এ সমা‌বে‌শের অা‌য়োজন ক‌রে।

এসময় বিএন‌পি নেতা মঞ্জু ব‌লেন, প্রধান বিচারপতিকে জোর পূর্বক বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছে। তিনি নিজেকে সুস্থ দাবি করেছেন। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শংকা প্রকাশ করেছেন। অথচ সরকার প্রতিনিয়ত তাকে নিয়ে মিথ্যাচার করছে। সরকার জানে, তাদের পক্ষে আর ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করা সম্ভব হবেনা। এজন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে দেশের বাইরে রেখে নির্বাচন করতে চায়। জামায়াতের শীর্ষ নেতাদের গ্রেফতার করে চাপে রেখে নির্বাচনে অংশ নিতে বাধ্য করতে চায়।

বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর বিএন‌পির সাধ‌ারণ সম্পাদক ও কেসিসি মেয়র মনিরুজ্জামান মনি, বিএন‌পি নেতা সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, মীর কায়সেদ আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, এ্যাড. ফজলে হালিম লিটন, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, আজিজুল হাসান দুলু, মাহবুব হাসান পিয়ারু, মুজিবর রহমান, শরিফুল ইসলাম বাবু প্রমূখ।