প্রধানবিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার ছুটি নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক যেভাবে মিথ্যাচার করেছেন সেজন্য তার পদত্যাগ দাবি করেছে বিএনপি।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এই মানববন্ধনের আয়োজন করে।

রিজভী বলেন, দেশে আইনের শাসন নিশ্চিত হলে বিচারের মাধ্যমে আইনমন্ত্রীর কমপক্ষে চারবার সাজা হওয়া উচিত। তিনি প্রধান বিচারপতির অসুস্থতা সম্পর্কে বলেছেন এসকে সিনহা ক্যান্সারে আক্রান্ত। কিন্তু প্রধানবিচারপতি গত রাতে অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রাক্কালে বিমানবন্দরে বলেছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। অথচ এসকে সিনহার ব্যাপারে আইনমন্ত্রী মিথ্যা বলেছেন। দেশে বিচার বিভাগের শাসন ফিরে এলে বিচারের মাধ্যমে আইনমন্ত্রীর সাজা নিশ্চিত হবেই বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রধান বিচারপতি যাওয়ার আগে গণমাধ্যমকে সত্য কথা বলে গেছেন। তিনি সুস্থ আছেন। তাঁকে কথা বলতে দেওয়া হয়নি। এত দিন তাঁকে মানসিক নির্যাতন করা হয়েছে, তিনি অসুস্থ নন। আইনমন্ত্রী মিথ্যাচার করেছেন এজন্য তাঁর পদত্যাগ করতে হবে।’

প্রসঙ্গত, শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে যাওয়ার আগে প্রধান বিচারপতি বলেন, আমি অসুস্থ না। আমি পালিয়েও যাচ্ছি না। আমি আবার ফিরে আসব। আমি একটু বিব্রত। আমি বিচার বিভাগের অভিভাবক। বিচার বিভাগের স্বার্থে, বিচার বিভাগটা যাতে কলুষিত না হয়, এ কারণেই আমি সাময়িকভাবে যাচ্ছি। আমার কারও প্রতি কোনো বিরাগ নেই। আমার দৃঢ়বিশ্বাস, সরকারকে ভুল বোঝানো হয়েছে। এই আমার বক্তব্য। আর কিছু বলব না।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, প্রধান বিচারপতি ক্যান্সারে আক্রান্ত। তাই চিকিৎসার জন্য তিনি ছুটি নিয়েছেন।