প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আমি অসুস্থ না। আমি পালিয়েও যাচ্ছি না। ছুটি শেষে আমি আবার ফিরে আসব।

শনিবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসা ছেড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি বলেন, আমি একটু বিব্রত। আমি বিচার বিভাগের অভিভাবক। বিচার বিভাগের স্বার্থে, বিচার বিভাগটা যাতে কলুষিত না হয়, এ কারণেই আমি সাময়িকভাবে যাচ্ছি। আমার কারও প্রতি কোনো বিরাগ নেই। আমার দৃঢ়বিশ্বাস, সরকারকে ভুল বোঝানো হয়েছে। এই আমার বক্তব্য। আর কিছু বলব না। আমি লিখিত বক্তব্য দিচ্ছি। এই হল আমার লিখিত বক্তব্য।

এক মাসের বেশি অবকাশের পর গত ৩ অক্টোবর আদালতে যোগদানের কথা ছিল সুরেন্দ্র কুমার সিনহার। এর আগের দিন ২ অক্টোবর আইনমন্ত্রী আনিসুল হক জানান অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ছুটির আবেদন করেছেন প্রধান বিচারপতি। তার দুই দিন পর তিনি অস্ট্রেলিয়া যাওয়ার জন্য দূতাবাসে গিয়ে ভিসার আবেদন করেন।

এ নিয়ে সরকার ও বিরোধী বিএনপির নেতাদের মধ্যে অনেক অভিযোগ-পাল্টা অভিযোগ উঠলেও নীরব ছিলেন প্রধান বিচারপতি। শুক্রবার রাতেই প্রথম তিনি তার বিদেশ যাওয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত ১০টা ৪০মিনিটে ভিআইপি লাউঞ্জ করিডোর হয়ে বোর্ডিং গেট-৪ ব্যবহার করে পাসপোর্ট চেকিং ইউনিট অতিক্রম করেন। এর আগে তিনি এয়ারলাইন্স কর্মীদের কাছ থেকে বোর্ডিং কার্ড সংগ্রহ করেন। এসকিউ-৪৪৭ ফ্লাইটের ইকোনমি ক্লাসের ১১-কে ও নম্বর সিটে বসেন বিচারপতি।

রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেছেন। সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়া যাবেন প্রধান বিচারপতি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রধান বিচারপতির বিদেশ যাওয়া সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি করে আইন মন্ত্রণালয়। বিদেশে যাওয়ার বিষয়টি গত ১০ অক্টোবর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতি। ওই চিঠিতে ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি অস্ট্রেলিয়ায় থাকতে চান বলে উল্লেখ করেন।