নিজেদের ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট। সেই টেস্টে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের দুই ইনিংসের ব্যাটিংয়ে দেখা গেল পুরোপুরি বিপরীত চিত্র।

দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এই টেস্টে প্রথম ইনিংসে ১৫৯.২ ওভারে শ্রীলঙ্কা করেছিল ৪৮২ রান। সেই শ্রীলঙ্কাই সোমবার দ্বিতীয় ইনিংসে মাত্র ২৬ ওভারেই ৯৬ রানে অলআউট হয়েছে!

টেস্টে কোনো দলের প্রথম ইনিংসে ৪০০ বা এর বেশি রান করার পর দ্বিতীয় ইনিংসে একশ’র কম রানে অলআউট হওয়ার ষষ্ঠ ঘটনা এটি। সবশেষ ঘটনাতেও জড়িয়ে ছিল শ্রীলঙ্কার নাম। ২০১১ সালে কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৪০০ করা শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস গুটিয়ে গিয়েছিল ৮২ রানে।

এমন ‘কীর্তি’ দুবার আছে শ্রীলঙ্কা ছাড়া আর কেবল অস্ট্রেলিয়ার। আর এটির সূচনা করেছিল দক্ষিণ আফ্রিকা। ১৯১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে ৫০৬ রানের পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস গুটিয়ে গিয়েছিল ৮০ রানে।

৭১ বছর পর এই রেকর্ডে দক্ষিণ আফ্রিকার পাশে নাম লেখায় অস্ট্রেলিয়া। ১৯৮১ সালে সেই মেলবোর্নেই ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৪১৯ রান করা অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ৮৩ রানে। তিন বছর পর আবার সেটির পুনরাবৃত্তি ঘটায় অস্ট্রেলিয়া। ১৯৮৪ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৪২৯ রানের পর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ৯৭ রানে।

এই রেকর্ডে জড়িয়ে আছে কিন্তু বাংলাদেশের নামও। ২০০০ সালে নিজেদের অভিষেক টেস্টে ঢাকায় ভারতের বিপক্ষে আমিনুল ইসলামের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ঠিক ৪০০ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ অলআউট হয় মাত্র ৯১ রানে।