‘সবাই মিলে লাগাই বৃক্ষ, একদিনেই আড়াই লক্ষ’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের দেলদুয়ারে সবুজ উপজেলা গড়ার লক্ষে এক দিনে আড়াই লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পাথরাইলের আইডিয়াল কিন্ডার গার্ডেন স্কুলে একযোগে আড়াই লাখ গাছের চারা রোপণের আনুষ্ঠানিকতা শুরু হয়।

কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন কবিরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, উপজেলা চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ, পাথরাইল ইউপি চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ নানা পেশার মানুষ।

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন কবির বলেন, ‘বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। অনিয়মিত ঋতুর পরিবর্তন ঘটছে, ঋতুর বৈশিষ্ট্যের পরিবর্তনও হচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু স্বাভাবিক রাখতে তাই বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি প্রচুর বজ্রপাত হতেও দেখা যাচ্ছে। বজ্রপাত রোধে তালের বীজ বিশেষ ভূমিকা রাখে। ফলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাল বীজসহ অন্যান্য চারা মিলিয়ে স্থানীয় প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর মধ্য দিয়ে উপজেলায় আড়াই লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছিলাম। রংপুরের তারাগঞ্জ ও ময়মনসিংহের ত্রিশালে বৃক্ষরোপনের কর্মসূচি আমাদের প্রেরণা যুগিয়েছিল। যা আজ বাস্তবায়িত হল।’

শাহাদত হোসেন বলেন, ‘বজ্রপাত রোধে তাল বীজকে প্রাধান্য দিয়ে বিভিন্ন সড়কের পাশে ফলজ উদ্ভিদের সাথে শোভাবর্ধণকারী গাছ যেমন, নীম, জারুল, সোনালু, কৃষ্ণচূড়া, শিমুল ও মহুয়া গাছের চারা সরকারিভাবে লাগানো হয়েছে। এছাড়া নিজ নিজ বাড়িতে ব্যক্তি উদ্যোগে বিভিন্ন জায়গায় পছন্দমতো উদ্ভিদের চারা রোপণ করেছে সাধারণ মানুষ।’
পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচি সফল হয়েছে। প্রত্যেক ইউপি চেয়ারম্যান প্রশাসনের নির্দেশে নিজ নিজ এলাকায় গাছের চারা রোপণ নিশ্চিত করেছেন।
পাথরাইল ইমপ্রুভ চাইল্ড কেয়ার স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, এর আগে বজ্রপাত রোধে আমরা ১০ হাজার তাল বীজ বিতরণ করেছি। উপজেলা প্রশাসনের সাথে আরো এক হাজার ভিন্ন জাতের চারা রোপণ করেছে আমাদের শিক্ষার্থীরা।