সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যনগরী দুবাইয়ে গত কয়েক সপ্তাহে স্বর্ণের দাম সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। উত্তর কোরিয়া নিয়ে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে যেকোনো সময় যুদ্ধের হুমকিতে ডলারের মান ও স্বর্ণের দামে সর্বোচ্চ প্রভাব পড়েছে।
খালিজ টাইমসের বরাতে জানা যায়, সোমবার সংযুক্ত আরব আমিরাতে প্রতি ২৪ ক্যারেট সোনার চলতি দাম ১৫৪.৫০ দিরহাম। সেখানে ২২ ক্যারেটের দাম ১৪৫.২২ দিরহাম। অথচ রোববার ২২ ক্যারেটের যেখানে ছিল ১৪২.২৫ দিরহাম।
সোমবার মার্কিন ডলারের সাথে জাপানি ইয়েনের দৌড়টা স্বাভাবিকই আছে। গত ১২ সপ্তাহে ইয়েনের বিপরীতে ডলার পড়তির দিকে ছিল।
উত্তর কোরিয়া আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে এবং ভূরাজনৈতিক সংকট দেখা দিতে পারে এই আশঙ্কায় মুদ্রা বাজারে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।
ভূ-রাজনৈতিক হুমকিতে সংযুক্ত আরব আমিরাতে সম্পদের নিরাপদ আশ্রয় যেমন স্বর্ণ ও জাপানি ইয়েনের চাহিদা বেড়ে যায় বলে খালিজ টাইমসের প্রতিবেদনে উঠে আসে।
স্বর্ণবাজারের সঙ্গে সঙ্গে রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও বেড়েছে। রূপার দাম বেড়েছে ০.৮ শতাংশ, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম বেড়েছে প্রায় ০.৪ শতাংশ।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কয়েকদিন আগে বলেছিলেন, তাদের পারমাণবিক অস্ত্র ‘শক্তিশালী প্রতিরোধক’ হিসেবে কাজ করে যা ক্রমবর্ধমান মার্কিন হুমকিতে দেশটির সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখছে।
এদিকে সোমবার এশিয়ার শেয়ার বাজারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এক সপ্তাহ বিরতির পর চীনা শেয়ারের দাম বাড়ছে বলে জানা যায়।
গত সাত বছরের মধ্যে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার বেড়েছে। হারিকেন হার্ভে ও ইরমার সুস্পষ্ট প্রভাব রয়েছে সেখানে।





