পাবনা-নগরবাড়ি মহাসড়কে সুজানগরে পিকআপ ভ্যান ও বালু ভর্তি ট্রলির মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪৮) নামের একজন নিহত ও তিনজন আহত হয়েছে।
সোমবার সুজানগর উপজেলার আমিনপুর থানার আলাদীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম সাঁথিয়া উপজেলার রাজাপুর গ্রামের কানু শেখের ছেলে।
এছাড়াও চর চিনাখড়া নামক স্থানে আরিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে কমবেশি ১০ যাত্রী আহত হয়েছে।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, সকাল ৯টার দিকে বনগ্রাম থেকে আসা একটি বালু ভর্তি ট্রলি আলাদীপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় কাশীনাথপুর থেকে পাবনাগামী একটি পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো ন- ১১-৯৪৯৪ ) সঙ্গে ট্রলিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিতে থাকা বালু ব্যবসায়ী আবুল কালাম ঘটনাস্থলেই নিহত হন। দূর্ঘটনায় ট্রলির চালক ও হেলপার এবং পিআপের চালক আহত হয়েছে।
এ ছাড়া সকাল সাড়ে ৯টার দিকে একই সড়কের চরচিনাখড়া নামক স্থানে ঢাকা থেকে পাবনাগামী আরিফ পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ১০ জন যাত্রী কমবেশি আহত হন। তারা সকলেই প্রাথমিক চিকিৎসা গ্রহন করে বলে জানা গেছে।





