সিলেটে আয়ারল্যান্ড 'এ' দলের বিপক্ষে মিশন শুরুর আগেই দুঃসংবাদ স্বাগতিক শিবিরে। আসন্ন সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন বাংলাদেশ 'এ' দলের ওপেনার সাইফ হাসান।
কারণ সেই ইনজুরি! নাকের হাঁড়ে চিড় ধরা পড়ায় আসন্ন সিরিজ থেকে ছিটকে গেছেন সাইফ। আজ সকালে সিলেট থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই অধিনায়ক।
সাইফের বিকল্প এখনো ঠিক করা হয়নি বলে জানিয়েছেন দলের ম্যানেজার ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। হাবিবুল বললেন, 'গতকাল (রবিবার) ফিল্ডিং অনুশীলনের সময় বল ধরতে গিয়ে আল-আমিনের (জুনিয়র) সঙ্গে ধাক্কা লেগে নাকে মারাত্মক আঘাত পান সাইফ। এক্স-রে করার পর দেখা যায় নাকে চিড় ধরেছে। আমরা কোনো ঝুঁকি নিতে চাইনা। এই মুহূর্তে ওর বিকল্প নিয়ে ভাবছি। '
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১১ অক্টোবর চারদিনের ম্যাচ দিয়ে শুরু হবে 'এ' দলের মাঠের লড়াই। ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর হবে সিরিজের পাঁচটি ওয়ানডে।
এই ফরম্যাটের ম্যাচগুলো হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। চোটের কারণে ওয়ানডে সিরিজেও সাইফের খেলা অনিশ্চিত। সিলেটে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে আর ঢাকায় ফেরেননি 'এ' দলে ডাক পাওয়া সাইফ হাসান ও নাঈম হাসান।
গতকাল ঢাকা থেকে রওনা হয়ে দলের সঙ্গে যোগ দেন আসন্ন সিরিজে 'এ' দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, জুবায়ের হোসেন লিখন, নুরুল হাসান সোহান, সাঞ্জামুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, এবাদত হোসেন, সাদমান ইসলাম ও জাকির হাসান। দলবদ্ধ হয়ে বিকেলে অনুশীলন করেন তারা।
সিরিজ শুরুর আগে প্রথমবারের মতো অনুশীলন করেছে সফরকারী দলও।





