সাভারের বিপিএটিসি এলাকায় উত্তরার মাইলস্টন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র কামরুল হাসান (১৮) হত্যাকাণ্ডের প্রায় দেড় মাস পর ৩ কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তারা তিনজনই নিহত হাসানের বন্ধু ছিলেন।
সোমবার সকালে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নিহত কামরুল হাসান (১৮) আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার হারুন-উর রশিদের ছেলে এবং উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
গ্রেফতারকৃতরা হলেন- আশুলিয়ায় চাঁন মিয়ার ছেলে ইকরাত, ধামরাইয়ের মো. সহিদুর রহমানের ছেলে সায়েম হাসান ওরফে সাইম ও সিরাজগঞ্জ জেলার আবদুল খালেকের ছেলে নাইমুল ইসলাম দুর্জয় ওরফে নাইম। তারা তিনজনই সাভারের বিপিএটিসি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র এবং নিহতের বন্ধু।
নিহতের বাবা হারুন-উর রশিদ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেয়ে গত ৫ অক্টোবর সাভার মডেল থানায় বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। এজাহার নামিয় ৩ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।
তিনি তার ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার এসআই শেখ ফরিদ আহম্মেদ জানান, গত ২১ আগস্ট বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিপিএটিসি এলাকায় বন্ধুদের সাথে ঘুরতে এসে পূর্ব শত্রুতার জের ধরে বন্ধুরাই তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতে নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।





