ব্লু হোয়েল গেম খেলে বাংলাদেশের কেউ আত্মহত্যায় প্ররোচিত হয়েছিলেন কি না এবং বাংলাদেশে থেকে এই গেম খেলা হচ্ছে কি না- তা তদন্তে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ সোমবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ নির্দেশনার কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিটিআরসির চেয়ারম্যানকে এ বিষয়ে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা শুনেছি, ইন্টারনেটনির্ভর একটি গেমে আসক্তি হয়ে একজন আত্মহত্যা করেছে। এ ঘটনাটা আমরা শোনার সঙ্গে সঙ্গে বিটিআরসি চেয়ারম্যানকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।’

‘জঙ্গি আস্তানা’য় অভিযান প্রসঙ্গে আসাদুজ্জামান খাঁন বলেন, খাদিজা নামের এক নারী তাঁর তিন সন্তানকে নিয়ে আত্মসমর্পণ করেছেন।

খাদিজা রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলায় জড়িত নিহত জঙ্গি নুরুল ইসলাম মারজানের বোন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ, গত বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডির সেন্ট্রাল রোডে একটি বাসা থেকে কিশোরী স্বর্ণার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ‘ব্লু হোয়েল’ গেমসে আসক্ত হয়ে স্বর্ণা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে মনে করছে তার পরিবারের সদস্যরা।