যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে গুলশান হামলার অন্যতম ‘হোতা’ জঙ্গি মারজানের বোন খাদিজা থাকতে পারে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ। তিনি বলেন,
আমরা জানতে পেরেছি ওই ভবনে ভাড়া থাকেন মশিয়ার রহমান ও তার স্ত্রী খাদিজা। সোমবার সকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
শহরের ঘোপ নওয়াপাড়া রোডের জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান ঘটনাস্থলে পৌঁছে অভিযান-পূর্ব প্রস্তুতি নিচ্ছেন।
ইতিমধ্যেই ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াট, বোম্ব ডিজপোজল ইউনিট, পুলিশ হেড কোয়ার্টারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যশোরে এসে পৌঁছেছেন। অল্প সময়ের মধ্যে এখানে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হবে বলে পুলিশ সুপার নিশ্চিত করেছেন।
জঙ্গি অবস্থানের তথ্যের ভিত্তিতে রবিবার রাত ১১টা থেকে পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।
ঘোপ নওয়াপাড়া রোড মসজিদের পেছনের বাড়ির মালিক যশোর জিলা স্কুলের শিক্ষক হায়দার আলী জানান, চারতলা বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া মশিউর রহমানের ফ্ল্যাটে জঙ্গি রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তিনি একটি হারবাল কোম্পানিতে চাকরি করেন। তার বাড়ি কুষ্টিয়ায়।





