সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মোঃ খবির বেপারী (৪৫) নামের এক শ্রমিকের লাশ আজ সোমবার ভোরে তার গ্রামের বাড়ি মাদারীপুর কালকিনিতে পৌছলে মুর্হূতের মধ্যে স্বজনদের মাঝে শুরু হয় আহাজারি।
সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের। কান্নার রোলে ভারী হয়ে ওঠে আকাশ-বাতাশ। ভুক্তভোগী পরিবারের সদস্যেদের শান্তনা দেয়ার মত কোন ভাষা নেই যেন কারও।
কিন্তু গত ১৪ সেপ্টেম্বর রাত ৮ টার সময় সৌদির আলকাশির শহড়ের একটি রাস্তা দিয়ে খবির বেপারী মোটর সাইকেল যোগে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি বাস এসে তাকে চাপা দেয়। এতে করে খবির বেপারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর এ অকাল মৃত্যুতে তার পরিবারের সকল স্বপ্ন ভেঙ্গে-চুরে যায়। অপরদিকে নিহতের স্ত্রী সুমি বেগম পথ চেয়ে থাকেন তার স্বামীর লাশ কখন আসবে দেশে। তাকে এক নজর দেখার জন্য কতই না যন্ত্রনায় ছটফট করতে হয়েছিল স্বজনদের। সকল অপেক্ষা শেষে ১৫ দিন পর নিহতের লাশ আজ সোমবার সকালে বাড়িতে পৌছলে এলাকার আত্বীয় স্বজন ও পাড়া-প্রতিবেশিদের মাঝে কান্নার রোল পরে।
প্রত্যক্ষদর্শী সৌদি প্রবাসী নিহতের শ্যালক মোঃ ফারুক শরীফ জানান, আমার বোন জামাই মোটর সাইকেলযোগে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। কিন্তু তার এ অকাল মৃত্যুতে পরিবারটি ধ্বংস হয়ে গেলো। এখন কিভাবে বাঁচবে এই পরিবারটি।
নিহতের স্ত্রী সুমি বেগম বার-বার মুর্ছা গিয়ে বলেন, আমাদের এখন কে দেখা শুনা করবে। আমার স্বামীর স্বপ্ন ছিল দুই সন্তানকে পড়া-লেখা করিয়ে বড় চাকরীজীবি বানাবেন। আজ সেই স্বপ্ন সব মাটি হয়ে গেল।





