সময় ভালো যাচ্ছে না বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের। দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশের ব্যাটি-বোলিং দুই বিভাগেই ধস নামায় সমালোচনার মুখে পড়ছেন তিনি।

আর টস তো রয়েছেই। ফলে প্রশ্ন উঠছে, মুশফিকের অধিনায়কত্ব নিয়ে। সম্ভবত দক্ষিণ আফ্রিকাই হতে যাচ্ছে তার নেতৃত্বে খেলা শেষ টেস্ট সিরিজ।

বাংলাদেশের পরবর্তী পূর্ণাঙ্গ সিরিজ দেড় মাস পর। ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজে বাংলাদেশের নেতৃত্ব কে দিবেন?

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক একটি অনলাইন পোর্টালকে জানিয়েছেন, ‘আমরা মুশফিকের বিকল্প ভাবতে শুরু করেছি। টেস্ট অধিনায়ক হিসেবে তার কিছু বক্তব্য গ্রহণযোগ্য নয়। অনেক সিদ্ধান্তও ভুল হচ্ছে।’

মুশফিককে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হলে টেস্ট দলের সম্ভাব্য অধিনায়ক হতে পারেন তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল অথবা মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে যেকোনো একজন।

 

বিসিবির আগ্রহটা সাকিবের দিকেই বেশি। তবে সাকিব আদৌ টেস্ট খেলবেন কি না বা খেললেও নিয়মিত খেলবেন কি না- এটাই এখন ভাবনার বিষয়। কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। সাকিবকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে বিসিবি।

 

সাকিব না হলে তামিমের সম্ভবনা বেশি বলে জানিয়েছে সূত্র। মাহমুদুল্লাহর পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাবের কারণেই তার ওপর আস্থা রাখতে পারছে না বোর্ড।

বিসিবির ওই পরিচালক অবশ্য বলেছেন, ‘পরবর্তী টেস্ট সিরিজের আগে আমাদের হাতে যথেষ্ট সময় আছে। মুশফিকের পরিবর্তে কাকে দায়িত্ব দেয়া হবে, সেই

আলোচনা এখনো হয়নি। বোর্ড নিশ্চয়ই ওদের সাথে কথা বলবে।’উল্লেখ্য, টেস্টে বাংলাদেশ সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে মুশফিকুর রহিমের নেতৃত্বেই। বাংলাদেশ দলের ১০টি টেস্ট জয়ের সাতটিই তার অধিনায়কত্বে। ব্লুমফন্টেইন টেস্টের আগে মোট ৩৩টি টেস্টে নেতৃত্ব দিয়ে সাত জয় ছাড়াও মুশফিকের দল ড্র করেছে নয়টি টেস্টে।

হার ১৭টিতে। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে টেস্টে বাংলাদেশের উত্থানও তার হাত ধরেই।