বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে এমন একটি পরিবার খুঁজে পাওয়া যাবে না যে পরিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার মত ভীত সন্তুষ্ট হয়ে কথা বলা বন্ধ করে দেয় নাই।

নিরাপত্তাহীনতার কারণে প্রধান বিচারপতি দেশ ছাড়ছেন মন্তব্য করে তিনি বলেন, যে দেশে নিরাপত্তার প্রশ্নে প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে হবে সে দেশে আর থাকে কি? আমরা কোর্টে যাই বিচারের আশায়, সুপ্রিম কোর্টে যাই সর্বশেষ বিচারের আশায়, সেই কোর্টের প্রধান বিচারপতি কোন কথা বলছেন না। ভয়ে হঠাৎ করে নীরব হয়ে গেছেন তিনি।’

 

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঘুরে দাঁড়াও বাংলাদেশ আয়োজিত ‘দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র ও রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার দাবিতে’ এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির এই নেতা বলেন, ‘এই বছরের শেষে কিনা আমি বলতে পারবো না তবে আগামী বছরে বাংলাদেশে যে সরকারটি হবে সেটি হচ্ছে গণতান্ত্রিক সরকার। ২০ দলের সরকার। আর সেই সরকারের প্রধান হবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেটি গণতান্ত্রিকভাবে আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল করি তাই গণতান্ত্রিক ভাবেই সরকারের সাথে লড়াই করতে চাই। আমরা সামরিক শাসন চাই না। সামরিক শাসন আমাদের নেতা জিয়াউর রহমান প্রত্যাহার করেছিলেন। আওয়ামী লীগের নেতা খন্দকার মোশতাক সামরিক শাসন জারি করেছিলেন। এই দেশে যতগুলো সামরিক শাসন এসেছে প্রকাশ্যে সবগুলোতে শেখ হাসিনা সমর্থন জানিয়েছেন।’

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেন ইতিহাস ঘাটলে দেখা যাবে দেশের গণতন্ত্রের জন্য যতটুকু কাজ হয়েছে সেটা হয় জিয়াউর রহমান না হয় খালেদা জিয়ার হাত দিয়ে। এই দেশে মঈনউদ্দীন যে কাজ করেছে তার সমর্থক ছিল শেখ হাসিনা এবং তার মধ্য দিয়েই বাংলাদেশের গণতন্ত্রকে বিদায় দিতে হয়েছে।’