জমি অধিগ্রহণের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানালেন ভারতের কৃষকরা। বিজিপি শাসিত রাজস্থানে জোরপূর্বক জমি অধিগ্রহণের বিরুদ্ধে সেখানকার কৃষকরা নিজেদের গলা পর্যন্ত কবর দিয়ে এ প্রতিবাদ জানিয়েছেন।

 ‘জমিন সমাধি সত্যাগ্রহ’ নামে আন্দোলনের মাধ্যমে মহিলা ও পুরুষ মিলিয়ে ৫০ জন জমিতে নিজেদের গলা পর্যন্ত কবর দিয়ে বসে রয়েছেন। এর আগে গুজরাটে সর্দার সরোবর বাঁধ তৈরির বিরুদ্ধে গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের কর্মীরা।

জানা গেছে, ২০১০ সালে জয়পুরের নিন্দার গ্রামে একটি আবাসন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করে জয়পুর উন্নয়ন কর্তৃপক্ষ। রাজস্থান সরকার অধিগৃহীত জমির জন্য আদালতে ৬০ কোটি টাকা জমাও দিলেও স্থানীয় কৃষক সে ক্ষতিপূরণ নিচ্ছে না। তাদের মতে, বাজার মূল্যের চেয়ে অনেক কম টাকা দিয়ে রাজ্য সরকার তাদের ঠকাচ্ছে। গত ১৫ দিন ধরে তারা দাবী জানিয়ে আসলেও কর্তৃপক্ষের টনক না নড়লে তারা এ ধরণের আন্দোলনে যেতে বাধ্য হন বলে জানা গেছে।

নিন্দার বাঁচাও কিষাণ যুব সমিতির সভাপতি নগেন্দ্র সিং জানান, আবাসন প্রকল্পের জন্য ৪০০ বিঘা জমি অধিগ্রহণ করতে চায় জয়পুর উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু, উপযুক্ত মূল্যের আশ্বাস না পাওয়ায় কৃষক এখনও জমি দেননি।

এদিকে চলমান এ আন্দোলনে দুই নারী কর্মী মারা গিয়েছেন। কৃষকদের চাপে পড়ে শেষ পর্যন্ত তাদের সাথে বসেছে উন্নয়ন কর্তৃপক্ষ। আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা আবাসনমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন করে জমি জরিপ করার প্রস্তাব দিয়েছেন। তবে এখনো কোন ধরণের সিদ্ধান্ত হয়নি।