নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমাদের কাজ অব্যাহত রয়েছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে না পারলে মুক্তিযুদ্ধের অবমাননা করা হবে।’ শনিবার রংপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন করার জন্য রাজনৈতিক দগুলোর মধ্যে সমঝোতা একান্ত প্রয়োজন, কিন্তু আমাদের দেশে সেটা নেই। রাজনৈতিক দলগুলোর নেতারা একে অপরের সাথে কথা পর্যন্ত বলেন না, তাদের মধ্যে মুখ দেখাদেখিও নেই।’

 

তিনি বলেন, ‘নির্বাচন একটি ধারাবাহিক প্রক্রিয়া। দুঃখজনক হলেও সত্য, বিভিন্ন কারণে এ ধারাবাহিকতা আমাদের দেশে নেই।’

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আরও বলেন, ‘বিভিন্ন কারণে আমাদের দেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। কিন্তু আগামী নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য আমরা সম্ভাব্য সব ব্যবস্থাই গ্রহণ করবো। নির্বাচনে নির্বাচন সংশ্লিষ্ট কারো কোনও ধরনের গাফলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, “আজ থেকে রংপুর সিটি করপোরেশন এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হলো। ৯ অক্টোবর থেকে নিয়মিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ হবে, চলবে আগামী বছরের ২৭ জুন পর্যন্ত।”

রংপুর সিটি করপোরেশন নির্বাচন কবে হবে জানতে চান সাংবাদিকরা। জবাবে ইসি মাহবুব বলেন, “এর জবাব আমি দেব না। এটা বলবেন নির্বাচন কমিশন সচিব।”

এ ব্যাপারে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ বলেন, “যদি কোনো ধরনের আইনি জটিলত না আসে তাহলে চলতি বছরের ডিসেম্বরেই রংপুর সিটি করপোরেশন নির্বাচন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এজন্য নভেম্বরে তফসিল ঘোষণা করা হবে।”