বিয়ে করতে চাপ দেওয়ায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ইয়াবা দিয়ে প্রেমিকা ও তার মাকে পুলিশে ধরিয়ে দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটে টনকী ইউনিয়নের বাইড়া আলীনগর গ্রামে।
প্রতারক প্রেমিক ওই ইউপির যুবলীগ নেতা ও ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার রাশেদুল ইসলাম রাশেদ। রাশেদ বাইড়া গ্রামের মৃত মনু মিয়া মেম্বারের ছেলে। প্রেমিকা রুজিনা আক্তার (২৬) একই গ্রামের মৃত আহম্মদ হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, বাপমরা মেয়েটির একটি মাত্র প্রতিবন্ধি ভাই। আমাদের সাহায্য সহযোগিতা নিয়ে পরিবারটি কোন রকম চলে। রাশেদ কথা দিয়েছে মেম্বার নির্বাচিত হয়েই বিয়ে করবে তাকে। রাশেদ মেম্বার হওয়ার পর বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে তাতে সে ক্ষিপ্ত হয়ে উঠে। পরে আমরা এলাকাবাসী বিয়ের বিষয়ে জান্তে চাইলে রাশেদ কিছু দিনের সময় নেয়। সে সময় শেষ হওয়ার আগেই ১৫ অাগষ্ট জাতীয় শোক দিবসের রাতে ঘরে ইয়াবা দিয়ে বাঙ্গরা বাজার থানার এসআই জসিম উদ্দিনকে খবর দিয়ে এনে নাছিমা বেগম ও তার মেয়ে রুজিনা আক্তারকে ধরিয়ে দেয় রাশেদ।
যোগাযোগ করা হলে এ ব্যাপারে অভিযুক্ত রাশেদ ও এসআই জসিম উদ্দিন কিছু বলতে রাজি হননি।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, প্রাথমিক ভাবে জানতে পেরেছি মেম্বার রাশেদের সাথে আটককৃত রুজিনা আক্তারের প্রেমের সম্পর্ক আছে। তবে যেহেতু তাদের ঘরের তোষকের নিচে এস আই জসিম উদ্দিন ২২টি ইয়াবা পেয়েছে সেহেতু তাদেরকে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।





