ট্রাফিক আইন ভঙ্গ করে উল্টো পথে চলায় সরকারি কর্মকর্তার গাড়িসহ ৪৪টি যানবাহনকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার রাজধানীর রমনা এলাকার হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে অভিযান চালিয়ে এসব যানবাহনের চালকদের জরিমানা করা হয়।
রমনা ট্রাফিক জোনের সহকারী কমিশনার মো. আলাউদ্দিন বলেন, গত কয়েক দিনের মতো আজকেও সুগন্ধার সামনে আইন ভঙ্গ করে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে মোট ৪৪টি যানবাহনকে জরিমানা করা হয়। এর মধ্যে রয়েছে শাহজাহান মোল্লা নামের সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সদস্যের গাড়ি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার গাড়ি, রাজউকের কর্মচারীদের বহনকারী একটি বাস, দুটি ব্যক্তিমালিকানাধীন প্রাইভেট কার, আটটি সিএনজিচালিত অটোরিকশা এবং বাকিগুলো মোটরসাইকেল।
২৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে ফাঁদ পেতে বসেছিল পুলিশের ট্রাফিক বিভাগের একটি দল। দুই ঘণ্টার কিছু বেশি সময়ের অভিযানে মোট ৫৭টি গাড়ির বিরুদ্ধে মামলা ও সাতটি গাড়ির কাছ থেকে রেকার বিল আদায় করা হয়। এর মধ্যে ৪০টির বেশি গাড়ি ছিল সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। উল্টো পথে চলা শাস্তি পাওয়া গাড়িগুলোর মধ্যে ছিল প্রতিমন্ত্রী, সাংসদ, সচিব, প্রকৌশলী, রাজনীতিবিদ, পুলিশ, সাংবাদিক, বিচারক ও ব্যবসায়ীদের গাড়ি।
ওই দিন উল্টো পথে চলে ধরা পড়ে মামলা হয়েছিল পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মাফরুহা সুলতানার গাড়িচালকের বিরুদ্ধে। পরের দিন আবারও উল্টো পথে গাড়ি চালিয়ে ধরা পড়েন সেই চালক, বাংলামোটরে। দুই দিনই সচিব গাড়িতে ছিলেন। পরে গাড়িচালক বাবুল মোল্লাকে চালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।





