স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন বলেছেন, স্থানীয় সরকার বিভাগের আওতায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সুপেয় পানির জন্য তিন হাজার নলকূপ ও পাঁচ হাজার ল্যাট্রিন নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ত্রাণ সরবরাহের সুবিধার জন্য বিভিন্ন ক্যাম্পে ১০টি রাস্তার কাজ প্রায় শেষ হওয়ার পথে।
মঙ্গলবার বিকালে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় মন্ত্রী ১০০০ রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এর আগে মঙ্গলবার দুপুরে দুই দিনের সফরে কক্সবাজারে আসেন স্থানীয় সরকার মন্ত্রী। বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মুজতবা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
উপস্থিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুল নাসের। এছাড়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
আগামীকাল বুধবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত রোহিঙ্গাদের জন্য গৃহীত কার্যক্রম বাস্তবায়নসংক্রান্ত মনিটরিং সভায় যোগ দেবেন মন্ত্রী। পরে বেলা ১১টায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।
ত্রাণ বিতরণকালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী ও অতিরিক্ত সচিব নাসরিন আকতার, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমানসহ পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





