হাতে একদিন, সাথে ৭ উইকেট, প্রয়োজন ৩৭৫ রান। বাংলাদেশ কি পারবে লক্ষ্যে পৌঁছাতে? অন্যদিকে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন শুধুমাত্র ৭ উইকেট তুলে নেওয়া। বাংলাদেশ শক্ত হাতে ঘুরে দাঁড়ালে হতে পারে জয় কিংবা ড্র।

ব্যাকফুটে গেলেই নিশ্চিত হার। এখন দেখার অপেক্ষা শেষ হাসিটা কার ভাগ্যে জুটে। বাংলাদেশ নাকি দক্ষিণ আফ্রিকার?

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচের আজ ছিল চতুর্থ দিনের খেলা। স্বাগতিকদের দেওয়া ৪২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই হোঁচট খায় বাংলাদেশ। শূন্য রানে নেই দুই উইকেট। প্যাভিলিয়নে ফিরে যান তামিম ও মুমিনুল। এরপর মুশফিককে নিয়ে কিছুটা সময় লড়াই চালিয়ে যান ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েস। বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি তিনিও কেশব মহারাজের বলে কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে ৩২ রান করে ফিরে যান তিনিও। বাংলাদেশ তখন ধুঁকছে ৩ উইকেটে ৪৯ রানে! এর পরই টাইগার শিবিরে আশির্বাদ হয়ে আসে বৃষ্টি। ম্যাচের ভাগ্য এখন পঞ্চম দিনের দিকে তাকিয়ে।

এদিকে, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ২৪৭ রান করে ইনিংস ঘোষণা করে। এতে ৪২৪ রানের জয়ের টার্গেট দিয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিল ৩ উকেটে ৪৯৬ রান। জবাবে বাংলাদেশ সব উইকেট হারিয়ে তুলে ৩২০ রান। এখন ম্যাচ জিততে হলে বাংলাদেশকে ৪২৪ রানের পাহাড় সমান রান টপকাতে হবে।

সংক্ষিপ্ত স্কোর:
দ. আফ্রিকা: ৪৯৬/৩ ডি. / ২৪৭/৬ডি. / লিড ৪২৪
বাংলাদেশ: ৩২০/১০ (১ম ইনিংস) । ৪৯/৩ (১৫.১ ওভার)
মুশফিকুর রহিম ১৬* মাহমুদউল্লাহ ০*

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা দল: ডিন এলগার, এইডেন মারক্রাম, হাশিম আমলা, তেম্বা বাভুমা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), অ্যান্ডিল ফেলুকোয়াইয়ো, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, মর্নে মরকেল ও ডুয়েনে অলিভিয়ের।