অপহরণ করে নারী দিয়ে নগ্ন ভিডিও এবং ছবি তুলে অপহৃত ব্যাক্তিদেরর কাছ থেকে চাঁদা আদায় করত একটি সংঘবদ্ধ চক্র। সম্প্রতি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকা থেকে প্রতারক চক্রের চারজনকে আটক ও অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব-১১।
রবিবার (০১ অক্টোবর) দুপুরে আদমজীতে অবস্থিত র্যাব-১১-এর সিনিয়র এএসপি জসিমউদ্দিন চৌধুরী প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক চারজন হলেন, মনির ভূইয়া ওরফে আজাদ (৩৫), আক্তার (৪০), ইমাম হোসেন (২৮) ও শারমিন আক্তার ওরফে হ্যাপি (২৫)। এ সময়ে অপহরণকারী চক্রের অপর সদস্য মো. ইউসুফ (৩৫) পালিয়ে যান।
র্যাব জানায়, এই চক্র তাদের নারী সদস্যদের দিয়ে বিভিন্ন পেশার মানুষকে টার্গেট করে প্রেমের ফাঁদ পেতে ভাড়া করা ফ্ল্যাটে নিয়ে যায়। জিম্মি করে মেয়েদের সঙ্গে অশ্লীল ভিডিও ও ছবি ধারণ করে। তাদের কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে গ্রেফতারের ভয়ভীতি প্রদর্শন ও অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করে।





